খুলনায় বিশ্ব শিশুশ্রম বন্ধে সমন্বিত উদ্যোগের আহ্বান
খুলনা ব্যুরো :
খুলনায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।২৯ জুন সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, শিশুশ্রম নিরসনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ বছরের প্রতিপাদ্য ছিল, ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’।
জেলা প্রশাসক বলেন, ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত শিশুরা অঙ্গহানি ও প্রাণহানির মতো দুর্ঘটনার শিকার হতে পারে। দারিদ্র্য, পারিবারিক সংকট ও মাদকের নেতিবাচক প্রভাবে অনেক শিশু শ্রমে যুক্ত হচ্ছে। দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের জন্য আর্থিক সহায়তা এবং লেখাপড়ায় উৎসাহ দিতে মেধাবৃত্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান। পাশাপাশি সরকারের বিভিন্ন দপ্তরের সেবা ও সুযোগ-সুবিধা সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সব দপ্তর ও অংশীজনকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য দেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মণ্ডল, মাসসের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামীমা সুলতানা শিলু, জাতীয় শ্রমিক দলের আহ্বায়ক মো. মজিবুর রহমান এবং ওয়ার্ল্ড ভিশনের সহকারী ব্যবস্থাপক লিটন কুমার মণ্ডল। স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ের উপমহাপরিদর্শক সানতাজ বিল্লাহ। প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. শাহিনুর রহমান।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সদস্যরা অংশ নেন। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
এর আগে দিবসটি উপলক্ষে খুলনা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।