বিরোধী দলের এমপিদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকার বরাদ্দ

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন   |   জাতীয়

বিরোধী দলের এমপিদের জন্য প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকার বরাদ্দ

রিপোর্টার: 

জাতীয় সংসদে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধী দলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, গোরস্থান ও ঈদগাহের উন্নয়নে প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। তবে সিটি করপোরেশনভুক্ত আসনগুলো এই বরাদ্দের আওতায় আসেনি; পরবর্তী পর্যায়ে এসব এলাকায় অর্থ বরাদ্দ দেওয়া হবে বলে তিনি জানান।

সোমবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে প্রদত্ত বক্তব্যে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। এর আগে ঈদের আগে সরকারি দলের এমপিদের আসনে উন্নয়ন বরাদ্দ দেওয়া হলেও বিরোধী দলের প্রতিনিধিরা তা না পাওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করে সমালোচনা করেন।

এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বিরোধী দলীয় এমপিদের নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামো উন্নয়নের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। তিনি আরও জানান, সিটি করপোরেশন এলাকায় অন্তর্ভুক্ত আসনগুলোর জন্য জেলা পরিষদের মাধ্যমে পরবর্তী সময়ে প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হবে।

এ সময় সাইফুল আলম মিলন বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার তাকে কথা বলার সুযোগ দেননি। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ স্থানীয় সরকারমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।

আলোচনার একপর্যায়ে স্পিকার নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, দীর্ঘ চার দশকের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করলেও অতীতে কোনো ধরনের উন্নয়ন বরাদ্দ পাননি; বরং কয়েকবার কারাবরণ করতে হয়েছিল।

স্পিকার আরও উল্লেখ করেন, স্পিকারের দায়িত্বে থাকার কারণে তিনি নিজ নির্বাচনী এলাকা ভোলার বিভিন্ন সমস্যা সংসদে সরাসরি তুলে ধরতে পারেন না। তবে ভোলার উন্নয়ন নিয়ে সংসদে বিভিন্ন প্রস্তাব উপস্থাপনের জন্য বিরোধী দলীয় নেতাকে তিনি ধন্যবাদ জানান।

Advertisement
Advertisement
Advertisement