বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণে প্রধানমন্ত্রীর গভীর শোক
ঢাকা, ২৯ জুন ২০২৬: দেশের বিশিষ্ট চিত্রশিল্পী, সাংস্কৃতিক সংগঠক এবং একুশে পদকপ্রাপ্ত গুণী ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার দেওয়া এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মুস্তাফা মনোয়ারের প্রস্থান দেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর দীর্ঘ কর্মময় জীবনের সৃজনশীল অবদান জাতির সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে।
তিনি আরও বলেন, শিল্প, সংস্কৃতি ও শিশুদের সৃজনশীল বিকাশে মুস্তাফা মনোয়ার যে অনন্য অবদান রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের মানুষ শ্রদ্ধার সঙ্গে তাঁর কর্ম ও অবদান স্মরণ করবে।
শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৯০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুস্তাফা মনোয়ার।
চিত্রকলা, পাপেটশিল্প, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ এবং সামগ্রিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে অসামান্য অবদানের মাধ্যমে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ মর্যাদা অর্জন করেন। তাঁর সৃষ্টিশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাঁকে দেশের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তাঁর পৈতৃক নিবাস ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান ছিলেন। সূত্র: বাসস