ভরি প্রতি ৩ হাজার ২৬৬ টাকা কমলো স্বর্ণের দাম
ডেক্স নিউজ:
দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
সোমবার সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন নির্ধারিত মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দামের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভরি প্রতি ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায় এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
সংগঠনটি আরও জানিয়েছে, ঘোষিত দামগুলো ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছে। তবে অলংকার তৈরির ক্ষেত্রে নকশা ও কারুকাজ অনুযায়ী মজুরি পৃথকভাবে যুক্ত হবে। রুপার অলংকারের ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত পরবর্তীতে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এদিকে রুপার দাম অপরিবর্তিত রেখে নতুন মূল্যতালিকায় ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৬৬৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮৫৮ টাকা।