কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ভর্তি ঢাকা মেডিক্যালে
রিপোর্টার:
মুন্সীগঞ্জ জেলা কারাগারে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সোমবার (২৯ জুন) ভোরে কারাগারের ভেতরে অসুস্থতা অনুভব করলে কারা কর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। পরে সকাল প্রায় ৮টা ১৫ মিনিটের দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালের নতুন ভবনের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।
দীপু মনিকে হাসপাতালে আনার দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়। জরুরি বিভাগে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে ঠিক কী কারণে তিনি অসুস্থ হয়েছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।