পূর্বাচলে চার থানা ছয় তদন্ত কেন্দ্র অনুমোদন সরকারের
ডেক্স নিউজ:
বুধবার (১ জুলাই) রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির জানান, আইনশৃঙ্খলা জোরদারে পূর্বাচলে নতুন করে চারটি থানা ও ছয়টি তদন্ত কেন্দ্র স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় নিরাপত্তা কাঠামো শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। পরিকল্পনার অংশ হিসেবে আরও দুটি পুলিশ লাইনস, তিনটি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রমও চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে বরাদ্দকৃত ২৯.২১ একর জমির মধ্যে ১৮.৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।
Dhaka Metropolitan Police-এর আওতায় এসব অবকাঠামো পরিচালিত হবে বলে জানানো হয়। ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির পৃথক প্রশাসনিক ইউনিট হিসেবে গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যেখানে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে নতুন বিভাগ গঠন করা হবে। একইসঙ্গে প্রায় ৬,৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।