জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর রায় আজ

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন   |   জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর রায় আজ

স্টাফ রিপোর্টার:

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ (মঙ্গলবার) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ গত ২২ জুন রায় ঘোষণার জন্য এ দিন নির্ধারণ করেন। এর আগে গত ১৪ মে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়। বর্তমানে ইনু কারাগারে রয়েছেন এবং এ মামলায় তিনিই একমাত্র আসামি।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনা এবং আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি ও নির্দেশ দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়। তদন্ত কার্যক্রম শুরু হয় গত বছরের ২৫ মার্চ। পরে ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। একই বছরের ২ নভেম্বর অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

রাষ্ট্রপক্ষ ইনুর বিরুদ্ধে মোট আটটি সুনির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করেছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সমন্বয় করে আন্দোলনকারীদের দমন-পীড়নে গুলির নির্দেশ দেওয়া এবং কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগ।

বিচার চলাকালে রাষ্ট্রপক্ষের হয়ে ১০ জন সাক্ষ্য দেন। অন্যদিকে আসামিপক্ষ দুইজন সাফাই সাক্ষী উপস্থাপন করে। গত ১৩ এপ্রিল যুক্তিতর্ক শুরু হয়ে ১৩ মে তা শেষ হয়।

মামলায় উল্লেখ করা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় নিহত ছয়জন হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী এবং চাকরিজীবী ইউসুফ শেখ।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা এলাকা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement