মোনাকোতে বিস্ফোরণে তিনজন আহত, সন্ত্রাসী হামলার আশঙ্কা জোরালো
আন্তর্জাতিক ডেস্ক:
মোনাকোর ফ্রান্স সীমান্তসংলগ্ন র্যু রেভেরাঁ পেরে লুই ফ্রোলা এলাকার একটি আবাসিক ভবনের বাইরে রাখা একটি ব্যাগে বিস্ফোরণের ঘটনায় তিনজন আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাত প্রায় ৯টার দিকে (১৯:০০ জিএমটি) এ বিস্ফোরণ ঘটে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাদের চিকিৎসার জন্য ফ্রান্সের নিস শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
মোনাকোর মিনিস্টার অব স্টেট ক্রিস্তফ মিরমাঁ জানান, ঘটনাটি ‘খুব সম্ভবত একটি হামলা’ এবং এর পেছনের কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বিস্ফোরক ডিভাইসটির ভেতরে বোল্ট ও ধাতব পেলেট ছিল, যা বিস্ফোরণের ক্ষয়ক্ষতি বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহার করা হয়ে থাকতে পারে। সরকার জানিয়েছে, সিসিটিভি ফুটেজে এক সন্দেহভাজনকে বিস্ফোরণের পর ফ্রান্সের দিকে পালিয়ে যেতে দেখা গেছে।
ঘটনার পরপরই শতাধিক পুলিশ ও জরুরি সেবা কর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয়। ক্রিস্তফ মিরমাঁ বলেন, তার জানা মতে, মোনাকোর ইতিহাসে এ ধরনের ঘটনা এই প্রথম। এদিকে মোনাকোর শাসক প্রিন্স আলবার্ট দ্বিতীয় ঘটনাটিকে ‘জঘন্য অপরাধ’ এবং পুরো মোনাকোবাসীর জন্য ‘একটি বড় ধাক্কা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি জানান, সংশ্লিষ্ট রাষ্ট্রীয় সংস্থাগুলো ফরাসি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। মঙ্গলবার স্থানীয় সময় এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানানো হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সূত্র: বিবিসি