আফগান সীমান্তে পাকিস্তানের ভয়াবহ হামলায় উত্তেজনা চরমে, নিহত বহু বেসামরিক মানুষ
আন্তর্জাতিক নিউজ ডেক্স:
আফগানিস্তানের পশ্চিম সীমান্তবর্তী এলাকায় বিমান হামলা ও স্থল অভিযান চালিয়েছে পাকিস্তান। রোববারের এ হামলায় বহু বেসামরিক মানুষ নিহত ও আহত হওয়ার দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তালেবান কর্মকর্তাদের ভাষ্য, হামলায় নিহত ও আহতের মোট সংখ্যা শতাধিক। তবে পাকিস্তান জানিয়েছে, অভিযানটি ছিল সশস্ত্র জঙ্গিদের লক্ষ্য করে পরিচালিত এবং এতে ২৯ জন জঙ্গি নিহত হয়েছে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জবাব হিসেবে আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে জঙ্গিদের আস্তানায় হামলা চালানো হয়েছে। অন্যদিকে তালেবান সরকার এ অভিযানকে ‘কাপুরুষোচিত’, ‘অপরাধ’ ও ‘নৃশংসতা’ আখ্যা দিয়ে দাবি করেছে, হামলায় সাধারণ মানুষের বসতবাড়ি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে পাকতিকা প্রদেশের মান্দিখেল গ্রামে।
উভয় পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, আফগানিস্তানে অবস্থানরত সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের ভূখণ্ডে হামলা চালায়। তবে তালেবান সরকার এ অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। পাল্টা অভিযোগে কাবুল বলছে, পাকিস্তানের সীমান্তবর্তী অভিযানে বারবার বেসামরিক মানুষের প্রাণহানি ঘটছে।
গত বছরের অক্টোবরে আন্তর্জাতিক মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হলেও সাম্প্রতিক মাসগুলোতে সেই সমঝোতা ভেঙে পড়ে। এরপর থেকেই সীমান্তজুড়ে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে।
সর্বশেষ অভিযানের আগে শনিবার করাচিতে পাকিস্তানের সিন্ধ রেঞ্জার্স সদর দপ্তরে আত্মঘাতী হামলায় তিন রেঞ্জার্স সদস্য ও তিন হামলাকারী নিহত হয়। এ ঘটনায় আরও এক আফগান নাগরিককে গ্রেপ্তারের দাবি করেছে পাকিস্তান। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) বিচ্ছিন্ন গোষ্ঠী জামাত-উল-আহরার।
চলতি বছরও দুই দেশের সীমান্তে একাধিক প্রাণঘাতী সংঘর্ষ হয়েছে। ফেব্রুয়ারিতে সীমান্ত সংঘাতে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়। মার্চে কাবুলে পাকিস্তানের একটি হামলায় একটি মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে শতাধিক মানুষের প্রাণহানির অভিযোগ ওঠে। জুন মাসের শুরুতেও পাকিস্তানের আরেক দফা বিমান হামলায় ২৬ জন জঙ্গি নিহতের দাবি করা হলেও তালেবান জানায়, ওই হামলায় ১৩ জন বেসামরিক মানুষ, যাদের বেশিরভাগই শিশু, নিহত হয়।