মুজ সংকটে তেলের দাম ঊর্ধ্বমুখী, নতুন সংঘাতে বিশ্ববাজারে বাড়ছে অনিশ্চয়তা আজ
আন্তর্জাতিক ডেক্স নিউজ:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল নিয়ে শঙ্কা বাড়ায় সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭৩ দশমিক ২১ ডলারে পৌঁছেছে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের আগের তুলনায় এ দাম ১ দশমিক ২৭ ডলার বেশি।
বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির সম্ভাবনা ঘিরে যে আশাবাদ তৈরি হয়েছিল, সাম্প্রতিক সংঘর্ষ তা অনেকটাই ম্লান করে দিয়েছে। বিশেষ করে গত সপ্তাহে একটি বাণিজ্যিক জাহাজে হামলা এবং সর্বশেষ সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে হরমুজ প্রণালিতে নিরাপদ নৌপরিবহন নিয়ে উদ্বেগ বেড়েছে। বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবাহিত হয়।
এদিকে এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে। জাপানের নিক্কেই ও দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক দরপতনের মুখে পড়লেও হংকংয়ের হ্যাংসেং এবং তাইওয়ানের তাইএক্স সূচক ঊর্ধ্বমুখী ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতসংশ্লিষ্ট বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির চাপ বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। সফটব্যাংক, অ্যাডভানটেস্ট, স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্সের শেয়ারের উল্লেখযোগ্য দরপতন হয়েছে।
বিশ্লেষকদের মতে, প্রান্তিক মুনাফা তুলে নেওয়ার প্রবণতার পাশাপাশি এআই খাতে বিপুল বিনিয়োগ ভবিষ্যতেও প্রত্যাশিত মুনাফা নিশ্চিত করতে পারবে কি না—এ প্রশ্নও বিনিয়োগকারীদের মধ্যে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালিতে দুটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে শুক্রবার ও শনিবার ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়। এর জবাবে ইরান বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।
তবে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, উভয় পক্ষ সাময়িকভাবে হামলা বন্ধ রেখে আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে। মঙ্গলবার কাতারের দোহায় সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেলেও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।