ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত প্রায় দেড় হাজার, নিখোঁজ হাজারো মানুষ

 প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃত প্রায় দেড় হাজার, নিখোঁজ হাজারো মানুষ

আন্তর্জাতিক ডেক্স:

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুই দফা ভূমিকম্পের পর দেশজুড়ে মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছেন স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকর্মীরা। সর্বশেষ তথ্যে জানা গেছে, প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে।

সবচেয়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির মুখে পড়েছে রাজধানী কারাকাস থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। অঞ্চলটিতে শত শত ভবন ধসে পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৭৭৪টি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়েছে।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো জীবিত মানুষ থাকার সম্ভাবনা থাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো বসবাসের উপযোগী কি না, তা মূল্যায়নের জন্য একটি বিশেষ কমিশন গঠন করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে লা গুয়াইরার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আরও এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, ভূমিকম্পে এখন পর্যন্ত আহত হয়েছেন ৩ হাজার ১৫০ জন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১২ হাজার ৭২১ জন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে অন্তত ৩৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রোববারও ধসে পড়া একটি ভবনের নিচ থেকে এক বাবা ও তাঁর ছেলেকে জীবিত বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা, যা স্বজনদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

তবে বিরোধী দল-সমর্থিত একটি ওয়েবসাইট দাবি করেছে, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে একের পর এক আফটারশক অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং উদ্ধারকর্মীদের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, গত ২৪ জুন ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা সময় ও অবস্থানের দিক থেকে খুব কাছাকাছি ছিল। গত ১২৫ বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই দেশটির সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement