রফিক গাজী হত্যা: আশিক গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন   |   খুলনা

রফিক গাজী হত্যা: আশিক গ্রুপের দুই সদস্য গ্রেপ্তার

খুলনা ব্যুরো :

খুলনার লবণচরা থানার রফিক গাজী হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গ্রেপ্তার দুজন হলেন মো. ইমন শরীফ (২৭) ও মো. সজল খান (২৫)। র‌্যাবের দাবি, তাঁরা আশিক গ্রুপের সক্রিয় সদস্য।

র‌্যাব-৬ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার (২৯ জুন) বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, নিহত রফিক গাজী (৪০) খুলনার দক্ষিণ লবণচরা এলাকার বাসিন্দা। তিনি ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। গত ১২ জুন সকাল সাড়ে ১১টার দিকে স্ত্রী ও সন্তানকে নিয়ে মাথাভাঙা এলাকার রায়পাড়ায় গেলে হেলমেট পরা কয়েকজন ব্যক্তি তাঁর পথরোধ করেন। একপর্যায়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে মোটরসাইকেলে পালিয়ে যান তাঁরা।

গুলিবিদ্ধ রফিক গাজীকে স্থানীয় লোকজন ও স্বজনেরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুরে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী রিনা বেগম বাদী হয়ে লবণচরা থানায় হত্যা মামলা করেন। সেই মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমন শরীফ ও সজল খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Advertisement
Advertisement
Advertisement