চিতলমারীতে তীব্র শীতে একজনের মৃত্যু
খুলনা ব্যুরো :
বাগেরহাটের চিতলমারী উপজেলায় টানা চার দিনের তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের কর্মজীবী মানুষ। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত চার দিনে সর্দি, কাশি ও হাঁপানিজনিত সমস্যায় আক্রান্ত হয়ে ৫৫০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ১৬ জনকে ভর্তি করা হয়। ভর্তি রোগীদের একজন বৌদ্ধ নাথ মন্ডল (৭৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি উপজেলার খিলিগাতী গ্রামের বাসিন্দা।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় জানান, শীতজনিত রোগে শিশু ও বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন। অপ্রয়োজনে বাইরে না যাওয়া এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক সেবন না করার আহ্বান জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, জরুরি প্রয়োজনে বাইরে বের হলে পর্যাপ্ত গরম কাপড় পরিধান করতে হবে। শীতবস্ত্র বরাদ্দ পেলে তা দ্রুত দুঃস্থদের মাঝে বিতরণ করা হবে।