খুলনায় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম পুনরুজ্জীবনে উদ্যোগ
খুলনা ব্যুরো :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে এক পরিচিতি সভা ২ এপ্রিল বৃহস্পতিবার সকালে খুলনা নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সিটি ইউনিটের সেক্রেটারি অধ্যাপক মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিটি ইউনিটের চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জু।
সভায় সিটি ইউনিটের প্রাথমিক পর্যায়ে যুব কমিটি গঠন, নিজস্ব কার্যালয়ের ব্যবস্থা এবং দীর্ঘদিন বন্ধ থাকা শান্তিধাম মোড়স্থ নির্মাণাধীন রেড ক্রিসেন্ট হাসপাতালের কাজ পুনরায় শুরু করার বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শুরুর আগে বিদ্যমান কমিটির পক্ষ থেকে নতুন চেয়ারম্যান নজরুল ইসলাম মঞ্জুকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবিক সংগঠন, যা আর্ত-মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খুলনায় সংগঠনের কিছু সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে তিনি দ্রুত এসব সমস্যা সমাধান করে নতুন উদ্যমে কার্যক্রম শুরু করার আহ্বান জানান। তিনি বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।
সভায় সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ সাদিকুল ইসলাম সাদি, কার্যনির্বাহী সদস্য মো. হাফিজুর রহমান মনি ও শামসাদ আতিক কিশোর, উপ-সহকারী পরিচালক মোছাম্মৎ রেক্সোনা খাতুন, থ্রি-সি প্রকল্পের সহকারী প্রকল্প ব্যবস্থাপক মো. আব্দুল মজিদ, আজীবন সদস্য এস এম ইদ্রিস আতিয়ার, মোল্লা মারুফ রশীদ, মো. সামছুজ্জামান চঞ্চল, কাজী আজমল হোসেন বাবুসহ সিটি ইউনিটের ভলেন্টিয়াররা উপস্থিত ছিলেন।