সংবাদ শিরোনাম

‘কেমন খুলনা চাই’ ভাবনায় নগর উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন   |   খুলনা

‘কেমন খুলনা চাই’ ভাবনায় নগর উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীকে পরিকল্পনামাফিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পনাবিদদের সঙ্গে খুলনা সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লানার্স (বিআইপি)-খুলনার উদ্যোগে এবং খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষকসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পরিকল্পনাবিদরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করা গেলে এখনো খুলনা মহানগরীকে সুশৃঙ্খলভাবে গড়ে তোলার সুযোগ রয়েছে। এলাকাভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান, জমির শ্রেণিবিন্যাস নির্ধারণ, সরকারি জমিতে জলবায়ু উদ্বাস্তু পুনর্বাসন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, ইজিবাইক চলাচল ব্যবস্থাপনা, মাস্টারপ্ল্যানসমূহের সমন্বয় এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

জলাবদ্ধতা নিরসনে নগরীর খালগুলোর সঙ্গে ময়ূর নদের সংযোগ স্থাপনের প্রয়োজনীয়তার কথাও সভায় তুলে ধরা হয়। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে নিজ নিজ এলাকা পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়।

সভায় কেসিসি প্রশাসক বলেন, দায়িত্ব গ্রহণের পর নগরীর সমস্যা চিহ্নিত করে বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। দূষণ ও মশামুক্ত সবুজ নগরী গড়ে তুলতে নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর তিনি গুরুত্ব দেন। তিনি শিগগিরই ‘কেমন খুলনা চাই’ শীর্ষক নাগরিক সংলাপ আয়োজনের কথাও জানান।

সভায় নগর উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে পরিকল্পনাবিদদের সহযোগিতা কামনা করা হয় এবং বিশ্ববিদ্যালয়গুলোকে নৈশকালীন কারিগরি ও ভাষা শিক্ষা কোর্স চালুর আহ্বান জানানো হয়।

সভা পরিচালনা করেন বিআইপি-খুলনার সাধারণ সম্পাদক আসিফ আহমেদ।#