সুন্দরগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল এলাকাবাসী, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন   |   রংপুর

সুন্দরগঞ্জে ১০ বছরের শিশু ধর্ষণের ঘটনায় উত্তাল এলাকাবাসী, ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিছিল

গাইবান্ধা প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নে এক নৃশংস ধর্ষণের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে। গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পূর্ব বেলকা গ্রামে নুর আলম মিয়ার ১০ বছরের মেয়ে নুসরাত জাহান নুরভানুকে (২য় শ্রেণির ছাত্রী) প্রতিবেশী সৈয়দ আলী ওরফে কারেন্ট সৈয়দ (৫২) ধর্ষণ করেন। এ ঘটনায় আজ শুক্রবার বেলকা বাজারে উত্তেজিত এলাকাবাসী ধর্ষক সৈয়দ আলীর দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল বের করে।

ভুক্তভোগীর বাবা নুর আলম মিয়া (২৯) গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের জানান, তার বাড়ির পাশেই ধর্ষকের বাড়ি। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আসামি তার স্ত্রীকে বলে, বাড়িতে কেউ নেই, মেয়েকে ঝাড়ু দেওয়ার জন্য পাঠাতে। সরল বিশ্বাসে স্ত্রী নুরভানুকে সেখানে পাঠালে দুপুর ১০টার দিকে নাস্তা খাওয়ার লোভ দেখিয়ে তাকে টিনশেড ঘরের ভেতরে ডেকে নিয়ে যায় সৈয়দ আলী। সেখানে সে শিশুটির গালে চুমু, বুকে কামড় দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণকালে শিশু কান্নাকাটি করলে আসামি তাকে ছুরি দেখিয়ে চুপ থাকতে বলে। পরে কান্নাকাটি করতে করতে শিশু বাড়ি ফিরলে মা কল্পনা বেগমের জিজ্ঞাসায় সব ঘটনা খুলে বলে।

পিতা নুর আলম মিয়া আরও জানান, ঘটনার পর এলাকাবাসী তার বাড়িতে জড়ো হলে আসামি সৈয়দ আলী পালিয়ে যায়। পরে বৃহস্পতিবার রাতেই তিনি ও তার বড় ভাই আব্দুল মান্নান (৪২) বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় আসামি সৈয়দ আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। কান্নায় ভেঙে পড়ে পিতা বলেন, "আমার মেয়ের সঙ্গে এ জঘন্য ঘটনা ঘটেছে, আমি ধর্ষকের ফাঁসি চাই।"

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তিনি নিজেও সেখানে গিয়েছেন। আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, "এমন ন্যাক্কারজনক ঘটনায় আমরা লজ্জিত। দ্রুততম সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা হবে, ইনশাআল্লাহ।"

স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের পর থেকেই শিশু নুরভানু শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী আসামির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও অবরোধের হুমকি দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement