সংবাদ শিরোনাম

নবনির্মিত কর ভবনের উদ্বোধন ---- করদাতাদের বন্ধু হবে ট্যাক্স কর্মকর্তারা ঃ হুইপ বকুল

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন   |   খুলনা

নবনির্মিত কর ভবনের উদ্বোধন ----  করদাতাদের বন্ধু হবে ট্যাক্স কর্মকর্তারা ঃ হুইপ বকুল

খুলনা ব্যুরো :

খুলনায় নবনির্মিত আধুনিক কর ভবনের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তিনি ভবনের ফলক উন্মোচন ও উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও আহসান হাবিব। খুলনার কর কমিশনার শ্রাবণী চাকমা স্বাগত বক্তব্য রাখেন।


প্রধান অতিথি হুইপ বকুল দেশের কর ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কর রাজস্ব দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। তবে সাধারণ মানুষের মধ্যে এখনও টিআইএন (TIN) সার্টিফিকেট গ্রহণে ভীতি কাজ করে, যা নতুন করদাতার সৃষ্টি বাধাগ্রস্ত করছে। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তাদের আচরণ জনগণের বন্ধু হওয়ার মতো হতে হবে, আতঙ্ক সৃষ্টি নয়।

তিনি আরও বলেন, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর অন্যায় চাপ সৃষ্টি বন্ধ করতে হবে এবং বড় ব্যবসায়ীরা যেন কর ফাঁকি দিয়ে পার না পায়। সরকার করের হার বাড়ানো ছাড়াই করদাতার সংখ্যা বৃদ্ধি করতে চাইছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির অর্থ রাজস্ব থেকে আসবে, যার ফলে মূল্যস্ফীতির ঝুঁকি নেই

খুলনার অর্থনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হুইপ বকুল বলেন, শিল্পনগরী খুলনার মৎস্য ও কুটির শিল্প পুনর্জীবিত করা হবে। আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কর ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশের সমৃদ্ধি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।