সংবাদ শিরোনাম

খুলনার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প পরিদর্শনে কেসিসি প্রশাসক

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন   |   খুলনা

খুলনার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প পরিদর্শনে কেসিসি প্রশাসক

খুলনা ব্যুরো :

খুলনা মহানগরীর চলমান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। ১ এপ্রিল বুধবার দিনব্যাপী তিনি নগরীর বিভিন্ন এলাকায় ড্রেন ও খাল উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে তিনি ২৮ নম্বর ওয়ার্ডের এ. এন. দাস লেন এলাকায় বিনোদিনী হাসপাতাল থেকে বানিয়াখামার পর্যন্ত ড্রেনের পেড়ি-মাটি উত্তোলন কাজ, ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডের খানজাহান আলী রোড হয়ে রূপসা পর্যন্ত নির্মাণাধীন ড্রেন প্রকল্প এবং ৩১ নম্বর ওয়ার্ডের ত্রেখালী খাল থেকে লবণচরা স্লুইচগেট পর্যন্ত খাল উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।


এ সময় প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের খালের পানিপ্রবাহ সচল রাখা, কাজের গুণগত মান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দেন।

নজরুল ইসলাম মঞ্জু বলেন, নগরবাসীর দুর্ভোগ কমানোই এসব উন্নয়ন কাজের মূল লক্ষ্য। চলমান প্রকল্পগুলো বাস্তবায়িত হলে জলাবদ্ধতা কমবে এবং নাগরিক সেবার মান আরও উন্নত হবে।

পরিদর্শনকালে কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কেসিসি’র প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান ও মোঃ ওয়াহিদুজ্জামান, কুয়েট-এর কনসালট্যান্ট মো: আবিদ হাসান নয়ন, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, শেখ শফিকুল হাসান দিদার, মো: শাহীনুর জামান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।