খুলনার টুটপাড়ায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ক্ষতি

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন   |   খুলনা

খুলনার টুটপাড়ায় অগ্নিকাণ্ডে চার পরিবারের ক্ষতি

খুলনা ব্যুরো :

 খুলনা নগরীর টুটপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে নগরীর ৯৫ সাউথ সেন্ট্রাল রোডস্থ তাসনিম ভিলা, শাহী মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিকুর রহমানের অর্ধপাকা টিনশেড বাড়িতে আগুনের সূত্রপাত হলে দ্রুত তা আশপাশের ভাড়াটিয়াদের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি পরিবারের ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ভাড়াটিয়া হিমাংশু মন্ডলের নগদ ৯০ হাজার টাকা, জমির দলিল, প্রায় ২০০ কেজি চা পাতা, টেলিভিশনসহ ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তার ক্ষতির পরিমাণ প্রায় ৩ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।


এছাড়া মো. আরিফ শেখের ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।আনারুল ও এনামুল শেখের ঘরেও আগুনে সবকিছু পুড়ে যায়। এর মধ্যে এনামুল শেখের ক্ষতির পরিমাণ আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকা বলে জানা গেছে।

খবর পেয়ে টুটপাড়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্টেশন অফিসার জাকির হোসেনের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর দুপুর ২টার দিকে সদর থানার এএসআই কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement