খুবি'র শিক্ষার্থীর বিচারক হওয়ার স্বপ্ন নিভে গেলো সড়ক দূর্ঘটনায়

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৭:১১ অপরাহ্ন   |   খুলনা

খুবি'র শিক্ষার্থীর বিচারক হওয়ার স্বপ্ন নিভে গেলো সড়ক দূর্ঘটনায়

খুলনা ব্যুরো :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) আইন বিভাগের মাস্টার্স প্রথম বর্ষের শিক্ষার্থী মৌমিতা হালদারের মরদেহ দাহ করা হয়েছে। ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া উপজেলার চুকনগর ওলিপুর নর্নিয়া গ্রামের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

৩০ মার্চ সোমবার সন্ধ্যায় খুলনা নগরীর জেলা পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। দুর্ঘটনার পর তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে গ্রামের বাড়িতে নেওয়ার পর পারিবারিকভাবে শবদাহ সম্পন্ন করা হয়।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, দুর্ঘটনায় জড়িত ঘাতক প্রাইভেটকারটি শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, “জেলা পরিষদ এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। তবে সার্ভার সমস্যার কারণে স্পষ্ট কোনো ফুটেজ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

পুলিশ সূত্র জানায়, নিহত মৌমিতাকে বহনকারী রিকশাটিকে পেছন থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় তার বাবা তরুণ কান্তি হালদার আহত হন।

নিহতের বাবা, খুলনা সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের অধ্যাপক তরুণ কান্তি হালদার জানান, বিচারক হওয়ার স্বপ্ন ছিল মেয়ের। তবে এ ঘটনায় পরিবার কোনো মামলা করবে না বলেও তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, বাগমারা এলাকায় কেনাকাটা শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement