ফিলিং স্টেশনে ধরা পড়লো তেল মজুদ ,জরিমানা ও সরবরাহের ব্যবস্থা
প্রতিদিনের দেশ রিপোর্ট :
ফরিদপুর সদর উপজেলায় দীর্ঘ সময় ধরে তেলের সংকটের অভিযোগের পর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি মজুদ পাওয়া গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেশকাতুল জান্নাত রাবেয়া নিজে ঘটনাস্থলে গিয়ে সরবরাহ নিশ্চিত করেছেন।
সড়কের পাশে বন্ধ অবস্থায় পাওয়া হোসেন ফিলিং স্টেশন “তেল নেই” লেখা পোস্টার টাঙিয়ে রেখেছিল। তবে পরীক্ষা করে দেখা যায় এখানে ২৮ হাজার লিটার জ্বালানি মজুদ রয়েছে। এর মধ্যে ৭ হাজার লিটার পেট্রোল, সাড়ে ৬ হাজার লিটার অকটেন এবং সাড়ে ১৪ হাজার লিটার ডিজেল ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় স্টেশনটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এরপর দ্রুত ভোক্তা পর্যায়ে তেলের সরবরাহ শুরু হয়।
রয়েল ফিলিং স্টেশনেও একই পরিস্থিতি লক্ষ্য করা যায়। এখানে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ থাকলেও অভিযানে দেখা যায় ২৫ হাজার ৯০০ লিটার জ্বালানি মজুদ রয়েছে। স্টেশন কর্তৃপক্ষ মেশিনে সমস্যা দেখিয়ে ইউএনওকে জানিয়েছিল। পরে মেশিন ঠিক করার পর জরিমানা আরোপ করা হয়নি।
ইউএনও মেশকাতুল জান্নাত রাবেয়া জানিয়েছেন, অভিযানের ফলে ভোক্তা পর্যায়ে তেলের সরবরাহ পুনঃনিশ্চিত হয়েছে।
তিনি সতর্ক করেছেন, ভবিষ্যতে জ্বালানি মজুদ লুকিয়ে রাখার মতো কোনো ঘটনা ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।