চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১২
মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১২
চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২ শিশু সদর হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে। এতে করে অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
এদিকে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য মোঃ নুরুল ইসলাম বুলবুল সদর হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হামে আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিস্থিতি ঘুরে দেখেন এবং দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
সংসদ সদস্য রোগীদের সঠিক চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, হামের প্রকোপ মোকাবিলায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং টিকাদান কার্যক্রম জোরদার করতে হবে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি শিশুদের মধ্যে অনেকেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো টিকা না নেওয়ায় এ ধরনের সংক্রমণ বাড়তে পারে।
এ সময় সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে হামের টিকাদান কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্বাস্থ্য বিভাগ সবাইকে শিশুদের নির্ধারিত সময় অনুযায়ী টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে।