সংবাদ শিরোনাম

৬ ঘণ্টার অভিযানে ১৮ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

 প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন   |   খুলনা

৬ ঘণ্টার অভিযানে ১৮ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

খুলনা ব্যুরো :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে অপহৃত ১৮ মাস বয়সী শিশুকন্যা রাফছাকে উদ্ধার করেছে পুলিশ ও র‌্যাব-৬ এর যৌথ দল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয়ন শেখ (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) রাতে খুলনার কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রাফছা ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের আ. রশিদ খানের মেয়ে। গ্রেপ্তার নয়ন শেখ খুলনা নগরীর টুটপাড়া এলাকার আসলাম শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নয়ন শেখ ভাড়াটিয়া হিসেবে শিশুটির পরিবারের পাশেই বসবাস করতেন। দুই পরিবারের মধ্যে নিয়মিত যাতায়াত ছিল। ১ এপ্রিল বুধবার বেলা ১১টার দিকে শিশুটির মা তুলি বেগমের কোলে থাকা রাফছাকে কোলে নেওয়ার কথা বলে নয়নের স্ত্রী তাদের বাড়িতে নিয়ে যায়। পরে শিশুটিকে সঙ্গে নিয়ে নয়ন বাইরে চলে যায়।

দীর্ঘ সময়েও শিশুটি ফিরে না আসায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়ে। মোবাইল ফোনে যোগাযোগ করলে অভিযুক্ত নয়ন শিশুটিকে ফেরত দেওয়ার বিনিময়ে টাকা দাবি করে এবং টাকা না দিলে ক্ষতি করার হুমকি দেয় বলে অভিযোগ রয়েছে।

পরে শিশুটির বাবা ফকিরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ ও র‌্যাব যৌথভাবে অভিযান শুরু করে।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন জানান, প্রতিবেশী সম্পর্কের সুযোগ নিয়ে শিশুটিকে অপহরণ করা হয়।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম বলেন, তথ্য পাওয়ার পর গোয়েন্দা নজরদারি চালিয়ে প্রায় ছয় ঘণ্টার অভিযানে শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত নয়ন শেখকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফকিরহাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।