চার মাস পর টিকটকের সুত্র ধরে বেনাপোল থেকে নিখোঁজ কিশোর উদ্ধার

 প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন   |   খুলনা

চার মাস পর টিকটকের সুত্র ধরে বেনাপোল থেকে নিখোঁজ কিশোর উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনার দিঘলিয়া এলাকা থেকে নিখোঁজ হওয়া এক কিশোরকে চার মাস পর যশোরের বেনাপোল এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সূত্র জানায়, খুলনা জেলার দিঘলিয়া থানাধীন পানিগাতী পূর্বপাড়ার বাসিন্দা মো. মিরাজ শেখের ছেলে আলিমুর সিয়াম (১৪) নিখোঁজ হওয়ার ঘটনায় অপহরণ ও অবৈধ আটকের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১, খুলনা-এ একটি পিটিশন মামলা দায়ের করা হয়। পরে আদালতের নির্দেশে মামলাটির তদন্তভার পায় পিবিআই খুলনা জেলা ইউনিট।

পিবিআই খুলনা জেলা ইউনিটের পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা, মামলাটির তদন্ত দায়িত্ব এসআই (নিরস্ত্র) গুলশান আরা শিলার ওপর অর্পণ করেন। তদন্তকারীরা ভিকটিমের ব্যবহৃত টিকটক আইডির সূত্র ধরে দীর্ঘ চার মাস অনুসন্ধান চালিয়ে তার অবস্থান শনাক্ত করেন।

পরবর্তীতে বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকার নিত্যহাট মেয়র মার্কেটের ‘ঢাকা বিরিয়ানি হাউজ’ নামের একটি রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়। অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ সহযোগিতা করে।

তদন্তে জানা গেছে, পড়াশোনার চাপের কারণে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আলিমুর সিয়াম স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বেনাপোল এলাকায় চলে যায় এবং সেখানে একটি রেস্টুরেন্টে কাজ শুরু করে।

উদ্ধারকৃত কিশোরকে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পিবিআই।

Advertisement
Advertisement
Advertisement