ঘন কুয়াশায় চুয়াডাঙ্গায় বিপর্যস্ত জনজীবন
খুলনা ব্যুরো :
চুয়াডাঙ্গায় তীব্র শীত, বাড়ছে শীতজনিত রোগী চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল বাতাসের প্রভাবে তীব্র শীত অনুভূত হচ্ছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
ঘন কুয়াশা ও ঠান্ডা বাতাসের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতের প্রকোপে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সন্ধ্যার পর শীতের তীব্রতা আরও বেড়ে যায়। কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে এবং সড়কে মানুষের উপস্থিতি কমে গেছে। সূর্যের দেখা মিলছে বেলা বাড়ার অনেক পরে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জাহিদুল ইসলাম জানান, উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে শীত বেড়েছে এবং এই পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। তাপমাত্রা আরও কমার আশঙ্কাও রয়েছে।
এদিকে শীতজনিত রোগীর সংখ্যাও বেড়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান মিলন জানান, প্রতিদিন বহির্বিভাগে ৪০০ থেকে ৫০০ রোগী চিকিৎসা নিচ্ছেন। শিশু ও বয়স্করা ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেককে মেঝে ও বারান্দায় চিকিৎসা নিতে হচ্ছে।