কোরবানি ঘিরে রণক্ষেত্র ভাঙ্গা: মাংস রাখা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় পবিত্র ঈদুল আজহার দিন কোরবানির মাংস সংরক্ষণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। মাংস ‘মসজিদে রাখা হবে নাকি বাড়িতে নেওয়া হবে’—এই নিয়ে সৃষ্ট বিরোধে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে উপজেলার আলগী ইউনিয়নের পূর্ব আড়ুয়াকান্দী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের জামাত শেষে কোরবানির মাংস বণ্টন ও সংরক্ষণ নিয়ে গ্রামের আবু বকর মুন্সী এবং কামরুজ্জামান সম্রাটের সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে দুই পক্ষের অন্তত ৩০ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং নতুন করে সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) পরেশ জানান, "পুলিশ পরিস্থিতি শান্ত করেছে। এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।"