শুক্রবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায়
নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশন সংলগ্ন নির্মাণাধীন রেলসেতুর পাশে গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামী শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জের কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের নির্মাণাধীন সেতু নম্বর-৭-এর পাশ দিয়ে থাকা বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের কাজ পরিচালনা করা হবে। এ কারণে শুক্রবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সীগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ এলাকায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।
এ ছাড়া নির্ধারিত এলাকার আশপাশের কিছু স্থানে গ্যাসের চাপ কমে যেতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এ ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, পাইপলাইন স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করে স্বাভাবিক গ্যাস সরবরাহ পুনরায় চালু করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের পরামর্শ দিয়ে প্রতিষ্ঠানটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে।