বাজিতপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
নুরুজ্জামান আশরাফ,বাজিতপুর,কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জের বাজিতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় বাজিতপুর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাজিতপুর পৌরসভার বাঁশমহল এলাকা থেকে শুরু হয়ে বাজিতপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিনেমাহল মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কবির হোসেন। সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি ভূঁইয়া।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুল হক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য বদরুল আলম শিপু, বাজিতপুর পৌর বিএনপির সহ-সভাপতি জহির উদ্দিন জহির, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সোহরাব উদ্দিন, বাজিতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফ্রিডম সোহেল, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীরুল খান সোহেল, পৌর স্বেচ্ছাসেবক দলের মভিন খান এবং বলিয়ারদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল হাসান রুবেলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।
র্যালিতে নেতাকর্মীরা দলীয় পতাকা ও বিভিন্ন স্লোগান নিয়ে অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার আহ্বান জানান। দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন।