জ্বালানি তেলের মজুদ বাড়াচ্ছে সরকার, জোর দেওয়া হচ্ছে জ্বালানি নিরাপত্তায়

 প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন   |   ঢাকা

জ্বালানি তেলের মজুদ বাড়াচ্ছে সরকার, জোর দেওয়া হচ্ছে জ্বালানি নিরাপত্তায়

প্রতিনিধি মোহাম্মদ আর্শাদ হোসেনঃ

বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা এবং আমদানি নির্ভরতার ঝুঁকি মোকাবিলায় দেশে জ্বালানি তেলের মজুদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, ভবিষ্যতে অন্তত তিন মাসের কৌশলগত (স্ট্র্যাটেজিক) জ্বালানি মজুদ গড়ে তোলার লক্ষ্যে সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি এবং নিয়মিত আমদানির পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বিভিন্ন ধরনের জ্বালানি তেলের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট জ্বালানি তেলের মজুদ প্রায় ১ লাখ ৬৯ হাজার ৫২৪ মেট্রিক টন।

এদিকে, সরকারি পরিকল্পনা অনুযায়ী সংরক্ষণ সক্ষমতাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। বর্তমানে দেশে প্রায়—

ডিজেল: ৬ লাখ ২৪ হাজার ১৮৯ মেট্রিক টন সংরক্ষণ সক্ষমতা

অকটেন: ৫৩ হাজার ৩৬১ মেট্রিক টন

পেট্রোল: ৩৭ হাজার ১৩ মেট্রিক টন

ফার্নেস অয়েল: ১ লাখ ৪৪ হাজার ৮৬৯ মেট্রিক টন

জেট ফুয়েল: ৬৪ হাজার ১১৮ মেট্রিক টন

কেরোসিন: ৩৬ হাজার ৯৪১ মেট্রিক টন

মেরিন ফুয়েল: ১৬ হাজার ২১৯ মেট্রিক টন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) দেশের ২৭টি ডিপো এবং Eastern Refinery PLC-এর মাধ্যমে জ্বালানি তেল সংরক্ষণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। আমদানি উৎস বৈচিত্র্য করার পাশাপাশি ভারতসহ বিভিন্ন দেশ থেকে সরকারিভাবে জ্বালানি সংগ্রহ অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করে। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল, আর বাকি অংশ পরিশোধিত জ্বালানি হিসেবে বিদেশ থেকে আসে। দেশের জ্বালানি চাহিদার বড় অংশই আমদানিনির্ভর হওয়ায় পর্যাপ্ত মজুদ নিশ্চিত করাকে এখন সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত কৌশলগত মজুদ থাকলে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, যুদ্ধ বা সরবরাহ বিঘ্নিত হলেও দেশের বিদ্যুৎ উৎপাদন, শিল্প ও পরিবহন খাত সচল রাখা সহজ হবে। তবে একই সঙ্গে সংরক্ষণ অবকাঠামো উন্নয়ন, সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন এবং আমদানি উৎস বহুমুখীকরণের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

Advertisement
Advertisement
Advertisement