স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা এখন বড় চ্যালেঞ্জ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
ফরিদপুর প্রতিনিধি:
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ গুরুত্ব
দিয়ে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায়
স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করা সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে
দাঁড়িয়েছে।
শুক্রবার (২৬ জুন)
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসপাতালের সভাপতি নির্বাচিত
হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এ সংবর্ধনা প্রদান করে।
প্রতিমন্ত্রী
বলেন, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি খাতের উন্নয়নে সমান গুরুত্ব দিচ্ছেন। এর মধ্যে
স্বাস্থ্য খাত অন্যতম অগ্রাধিকার। সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ও মানসম্মত
চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়ন
করছে।
ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালের গুরুত্ব তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে এ
হাসপাতাল বৃহত্তর অঞ্চলের মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল। তাই হাসপাতালের
বিদ্যমান অনিয়ম, দুর্বলতা ও সেবার সীমাবদ্ধতা দ্রুত দূর করতে হবে। রোগীদের
সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সংশ্লিষ্ট সবার প্রধান দায়িত্ব।
তিনি আরও বলেন,
কোনো রোগী যদি প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে ঢাকায় যেতে বাধ্য হন, তবে সেটি
হাসপাতালের সক্ষমতার ঘাটতিরই প্রতিফলন। এ পরিস্থিতি পরিবর্তনে হাসপাতালের সব ধরনের
দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নেওয়া হবে। এ
বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।
রাজনৈতিক প্রভাব
খাটিয়ে কেউ যাতে হাসপাতালের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে বা অনৈতিক কর্মকাণ্ডে
জড়াতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারির কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
ফরিদপুর মেডিকেল
কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম, জেলা পরিষদের
প্রশাসক মো. আফজাল হোসেন খান পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা,
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, বিএমএর সাধারণ সম্পাদক ডা. আলী
আকবর এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। এছাড়াও অনুষ্ঠানে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।