আদ্-দ্বীন হাসপাতালের নেতৃত্বে পরিবর্তন, দায়িত্বে জামালুন্নেসা
মিল্টন মাহমুদ :
আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন ডা. শেখ মহিউদ্দিন। তার স্থলে ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক জামালুন্নেসা।
১৬ জুন মঙ্গলবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত নির্বাহী পরিচালক অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি সম্প্রতি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
তিনি ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের লন্ডনের স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে সম্প্রতি ঘটে যাওয়া শিশু মৃত্যুজনিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ গভীরভাবে শোকাহত।
এ ঘটনায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়। ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে হাসপাতালের অভ্যন্তরীণ তদারকি ব্যবস্থা জোরদার এবং চিকিৎসা প্রোটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী হাসপাতালের অবকাঠামো ও সার্বিক ব্যবস্থাপনায় পরিবর্তন আনার প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে মাঠপর্যায়ে চলমান রয়েছে।
আলো-বাতাস চলাচল ও পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে তিনজন স্বতন্ত্র কনসালটেন্টের তত্ত্বাবধানে ভবনের প্রয়োজনীয় সংস্কার কাজ চলছে। একই সঙ্গে জনস্বার্থ বিবেচনায় হাসপাতালের করপোরেট অফিসের ওপর অবস্থিত বেকারিটি বন্ধ করে দেওয়া হয়েছে।