ঘরের মাঠে বিশ্বকাপের লড়াই! ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ কোন শহরে?

 প্রকাশ: ২০ অগাস্ট ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন   |   খেলাধুলা

ঘরের মাঠে বিশ্বকাপের লড়াই! ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ কোন শহরে?

শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল):

ব্রাজিলের মাটিতে বসতে যাচ্ছে নারী ফুটবলের বিশ্ব আসর। আর বৃহস্পতিবার (২০ আগস্ট) FIFA ২০২৭ নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ ম্যাচ সূচি প্রকাশ করার পর নিশ্চিত হয়েছে! ঘরের মাঠে ব্রাজিলের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে রিও ডি জেনেইরো, সাও পাওলো ও ব্রাসিলিয়ায়!

স্বাগতিক ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। আগামী ২৪ জুন ২০২৭ রিও ডি জেনেইরোতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ব্রাজিলের নারী দল। দীর্ঘ ১১ বছর পর মারাকানায় ফিরবে ব্রাজিলের নারী জাতীয় দল।

এরপর ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ ম্যাচ হবে সাও পাওলোতে ২৯ জুন। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুলাই ব্রাসিলিয়ায়। ফলে স্বাগতিক দলের গ্রুপ পর্বের বিশ্বকাপযাত্রা হবে ব্রাজিলের তিন গুরুত্বপূর্ণ শহর রিও ডি জেনেইরো, সাও পাওলো ও ব্রাসিলিয়াকে ঘিরে। 

মারাকানায় শুরু, মারাকানাতেই ফাইনালের স্বপ্ন

২০২৭ নারী বিশ্বকাপের উদ্বোধন ও ফাইনাল দুটিই হবে রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানায়। ২৫ জুলাই ২০২৭ একই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। অর্থাৎ স্বাগতিক ব্রাজিল যদি শেষ পর্যন্ত শিরোপার লড়াইয়ে পৌঁছাতে পারে, তাহলে তাদের বিশ্বকাপের শেষ গন্তব্যও হবে সেই মারাকানা। 

সাও পাওলোতেও থাকবে বিশ্বকাপের বড় উপস্থিতি

ব্রাজিলের গ্রুপ ম্যাচের একটি আয়োজন করা হচ্ছে সাও পাওলোতে। দেশটির সবচেয়ে বড় ফুটবল শহরগুলোর একটি সাও পাওলো ২০২৭ বিশ্বকাপের অন্যতম প্রধান আয়োজক শহর হিসেবেও থাকছে। পুরো টুর্নামেন্টে ব্রাজিলের মোট আটটি শহরে ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 

বিশ্বকাপের আট আয়োজক শহর হলো বেলো হরিজন্তে, ব্রাসিলিয়া, ফোর্তালেজা, পোর্তো আলেগ্রি, রেসিফি, রিও ডি জেনেইরো, সালভাদোর ও সাও পাওলো। 

দক্ষিণ আমেরিকায় প্রথম নারী বিশ্বকাপ

২০২৭ সালের FIFA নারী বিশ্বকাপ হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার মাটিতে প্রথম নারী বিশ্বকাপ। টুর্নামেন্টে অংশ নেবে ৩২টি দল এবং মোট ৬৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শুরু হবে ২৪ জুন ২০২৭, আর ফাইনালের মাধ্যমে পর্দা নামবে ২৫ জুলাই। 

ব্রাজিলের নারী দল এখনো বিশ্বকাপের শিরোপা জিততে পারেনি। ঘরের মাঠে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপ তাই শুধু একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়! ব্রাজিলের নারী ফুটবলের জন্যও এটি হতে যাচ্ছে ইতিহাস গড়ার বড় সুযোগ।

মারাকানায় উদ্বোধন, সাও পাওলোতে দ্বিতীয় ম্যাচ এবং ব্রাসিলিয়ায় গ্রুপ পর্বের শেষ লড়াই! এভাবেই ঘরের মাঠে শিরোপার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।

Advertisement
Advertisement
Advertisement