স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক
সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের বৈঠক।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ অফিসকক্ষে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় দু দেশের মধ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা সহযোগিতা, মানব পাচার প্রতিরোধ ও অভিবাসন ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো স্থান পায়।
বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক ও বাণিজ্যিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের বিষয়ে জোর দেওয়া হয়।
নিরাপত্তা বাহিনীর দক্ষতা বৃদ্ধি ও পেশাদারিত্ব বাড়াতে বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান, যৌথ কর্মশালা আয়োজন এবং আইন প্রণয়নে পারস্পরিক সহায়তা আদান-প্রদানের বিষয়ে ফলপ্রসূ কথা হয়। এ সময় দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) দীর্ঘমেয়াদী এলএনজি এবং সার আমদানির উদ্যোগ গ্রহণের কথা জানানো হয়। এই উদ্যোগ বাংলাদেশ ও আলজেরিয়ার বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করবে বলে আশা করা হচ্ছে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর আলজেরিয়াই প্রথম আরব দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল বলে স্মরণ করেন রাষ্ট্রদূত। ঐতিহাসিক সেই সুসম্পর্কের ধারাবাহিকতায় আগামীতে দু দেশের বন্ধন আরও দৃঢ় করার আগ্রহ প্রকাশ করে আলজেরিয়া। এর জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ থেকে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যালস পণ্য এবং নার্স ও ডাক্তারসহ বিভিন্ন দক্ষ জনশক্তি নিতে আহ্বান জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আলজেরিয়ার রাষ্ট্রপতিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণের বিষয়ে কথা বলেন মন্ত্রী। আলজেরিয়ার রাষ্ট্রপতি এই আমন্ত্রণ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করে দ্রুত কূটনৈতিক তারিখ নির্ধারণের তাগিদ দেওয়া হয়। বৈঠকে উভয় দেশই নিরাপত্তা, বাণিজ্য ও দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন----মোগলহাট স্থলবন্দর চালু হলে নেপাল-ভুটানসহ সেভেন সিস্টার্সের সঙ্গে বাণিজ্যের নতুন সুযোগ