সংবাদ শিরোনাম

নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার

ঢাকা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

জাতীয়

নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় প্রশাসনিক জটিলতা কমানোর পাশাপাশি ঋণপ্রাপ্তির সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, উদ্যোক্তাদের সেবাপ্রাপ্তি সহজ করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের প্রতিনিধিত্ব জোরদার করতে কাজ করছে সরকার। সোমবার শিল্প মন্ত্রণালয়ে বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিডব্লিউসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

সংগঠনের প্রেসিডেন্ট সঙ্গীতা আহমেদের নেতৃত্বে বিডব্লিউসিসিআই প্রতিনিধি দল এই আলোচনায় অংশ নেয়।

বাণিজ্যমন্ত্রী জানান, সিঙ্গেল উইন্ডো ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে নারী ব্যবসায়ী ও উদ্যোক্তারা ট্রেড লাইসেন্স, আমদানি নিবন্ধন সনদ এবং রপ্তানি নিবন্ধন সনদের মতো প্রয়োজনীয় নথি অনলাইনে সংগ্রহ করতে পারবেন। দেশের যেকোনো প্রান্ত থেকে কিংবা বিদেশে অবস্থান করেও নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে এসব সেবা পাওয়া যাবে। এতে করে সরকারি দপ্তরে সরাসরি যাতায়াতের ঝক্কি কমবে এবং ব্যবসায়িক আনুষ্ঠানিকতা সম্পন্ন করা আগের চেয়ে সহজ হয়ে উঠবে।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে অর্থায়ন প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরও জানান, এ খাতের ঋণের পরিসর ৩০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এ অর্থ মাত্র ৬ শতাংশ সুদে বিতরণ করা হবে। নারী উদ্যোক্তাদের জন্য সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করতে এসএমই বোর্ড পুনর্গঠন এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে সরকার ইতিবাচক অবস্থান গ্রহণ করেছে।

বৈঠকে বিডব্লিউসিসিআই প্রতিনিধিরা নারী উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। বিশেষ করে তথ্যের ঘাটতি, আনুষ্ঠানিক নিবন্ধনের জটিলতা এবং জেলা পর্যায়ে সমন্বয়ের সীমাবদ্ধতার বিষয়গুলো আলোচনায় স্থান পায়। এসব বাধা দূর করতে পূর্ণাঙ্গ ডেটাবেজ প্রণয়ন, কেন্দ্রীয় কমপ্লায়েন্স ডেস্ক স্থাপন এবং কেন্দ্র-জেলা পর্যায়ে নিয়মিত সমন্বয় সভার প্রস্তাব দেন সংগঠনের নেত্রীরা।

দেশে কতজন নারী উদ্যোক্তা কোন খাতে কাজ করছেন তার সুনির্দিষ্ট পরিসংখ্যান না থাকায় কার্যকর সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়ে বলে উল্লেখ করা হয়। প্রস্তাবিত কমপ্লায়েন্স ডেস্ক থেকে নিবন্ধন প্রক্রিয়া ও আইনি সহায়তার দিকনির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে। বাণিজ্যমন্ত্রী নারী উদ্যোক্তাদের সহায়তায় গড়ে ওঠা সেবামঞ্চগুলোর প্রশংসা করেন এবং সার্বিক সহায়তার আশ্বাস দেন।

আরো পড়ুন----ধরলা নদীর ভাঙন রোধে ৩০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন