সংবাদ শিরোনাম

করিন্থিয়ান্সের আধিপত্য ভেঙে ব্রাজিলিয়ান নারী ফুটবলের নতুন ইতিহাস গড়ল সাও পাওলো

শাহনুর রুমেন | সাও পাওলো (ব্রাজিল)
০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

খেলাধুলা

করিন্থিয়ান্সের আধিপত্য ভেঙে ব্রাজিলিয়ান নারী ফুটবলের নতুন ইতিহাস গড়ল সাও পাওলো

ব্রাজিলের নারী ফুটবলে নতুন ইতিহাস সৃষ্টি করেছে সাও পাওলো। চিরপ্রতিদ্বন্দ্বী করিন্থিয়ান্সকে ফাইনালে হারিয়ে ২০২৬ সালের ব্রাসিলেইরাও ফেমিনিনো এ-ওয়ানের শিরোপা জিতেছে সাও পাওলো নারী দল।

শনিবার সাও পাওলোর ঐতিহাসিক মোরুমবিএস স্টেডিয়ামে ফাইনালের দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হয়।

উত্তেজনাপূর্ণ দ্বিতীয় লেগে করিন্থিয়ান্সের সঙ্গে ১–১ গোলে ড্র করে সাও পাওলো। প্রথম লেগে ২–১ ব্যবধানে এগিয়ে থাকায় দুই ম্যাচ মিলিয়ে ৩–২ ব্যবধানে কাঙ্ক্ষিত ট্রফি নিশ্চিত করে ত্রিকোলোরের নারীরা। ফাইনালে দলের পক্ষে বিয়া মেনেজেস প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। পরবর্তীতে করিন্থিয়ান্সের জুলিতে গোল শোধ করে সমতা ফেরালেও শেষ রক্ষা হয়নি।


ম্যাচের দ্বিতীয়ার্ধে করিন্থিয়ান্স পেনাল্টি পেলেও সাও পাওলোর গোলরক্ষক কার্লিনিয়া দুর্দান্তভাবে গাবি জানোত্তির শট রুখে দেন। এই গুরুত্বপূর্ণ সেভই দলকে শিরোপার দোড়গোড়ায় পৌঁছে দেয়। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা ছয়টি আসরে শিরোপা জেতা করিন্থিয়ান্সের একচ্ছত্র আধিপত্যের অবসান ঘটিয়ে দেশের শীর্ষে উঠে এল সাও পাওলো।

ঐতিহাসিক এই ফাইনাল দেখতে স্টেডিয়ামে ৪৯ হাজার ৪০৫ জন দর্শক উপস্থিত ছিলেন। এটি ব্রাজিলের ক্লাব নারী ফুটবলের ইতিহাসে নতুন দর্শক-রেকর্ড তৈরি করেছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং ক্লাব একাডেমির ১৪ জন স্থানীয় খেলোয়াড়কে কেন্দ্র করে গড়ে ওঠা সাও পাওলোর এই সাফল্য ব্রাজিলিয়ান ফুটবলে এক নতুন যুগের সূচনা করল।

আরো পড়ুন----নিজস্ব দল নিয়ে বিজিএমইএ কাপ ২০২৬-এ অংশ নিচ্ছে উর্মি গ্রুপ