ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার মামলায় মো. গোলাম কবির নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আসামিকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
সোমবার চাঁপাইনবাবগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন।দণ্ডপ্রাপ্ত মো. গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর কাঁঠালিয়াপাড়া এলাকার মৃত তাজেবুল হকের ছেলে। তিনি স্থানীয় ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক ও স্বাস্থ্যবিষয়ক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট ওই ছাত্রী শিক্ষকের কাছে জীববিজ্ঞানের একটি বই চাইলে ২৩ আগস্ট বিকেলে তাকে স্কুলে আসতে বলা হয়।
নির্ধারিত সময়ে ছাত্রী স্কুলে উপস্থিত হলে শিক্ষক গোলাম কবির তাকে কল্যাণ ট্রাস্টের কক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে দেন। সেখানে কুপ্রস্তাব দেওয়ার পর জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হলে স্থানীয়রা টের পেয়ে কক্ষের গ্লাস ভেঙে ফেলেন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে আটক করে এবং ছাত্রীর চাচা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশোধন অনুযায়ী দোষী সাব্যস্ত করে আদালত এই সাজা প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করে বাদীপক্ষের আইনজীবী জানান, এই শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে অন্য শিক্ষকরা এমন অপরাধ থেকে বিরত থাকবেন।
আরো পড়ুন----চাঁপাইনবাবগঞ্জে অপহৃত ১১ মাসের শিশু উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ২