সংবাদ শিরোনাম

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিচার চাইলেন ত্রাণমন্ত্রী

ঢাকা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

জাতীয়

রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিচার চাইলেন ত্রাণমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ ও অমানবিক নির্যাতনের ন্যায়বিচার দাবি করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। সোমবার সচিবালয়ে মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত ব্যবস্থার (আইআইএমএম) প্রধান নিকোলাস কুজিয়ানের সঙ্গে আয়োজিত এক দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এই বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বৈঠকে রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও টেকসই প্রত্যাবাসনের বিভিন্ন দিক উঠে আসে।

ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু মিয়ানমারে রোহিঙ্গাদের ন্যায্য অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নিজ দেশে তাঁদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়ায় সোচ্চার ভূমিকা রাখতে আইআইএমএম-এর প্রতি বিশেষ আহ্বান জানান। রাখাইনে চলমান অনিশ্চয়তা ও সহিংস পরিস্থিতির মাঝেও আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর নিশ্চিত করার গুরুত্ব নিয়ে আলোচনা করেন মন্ত্রী।

বৈঠকে আইআইএমএম প্রধান নিকোলাস কুজিয়ান জানান, ২০২৪ সালের শুরু থেকে এখন পর্যন্ত ১ লাখ ৫৪ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত অতিক্রম করে নতুন করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই নতুন শরণার্থী দল ইতোমধ্যে বাংলাদেশে অবস্থানরত দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। রাখাইন রাজ্যে সহিংসতা ও চরম নিরাপত্তাহীনতা অব্যাহত থাকার কারণেই তারা নিরাপদে স্বদেশে ফিরে যেতে পারছে না বলে তিনি উল্লেখ করেন।

আইআইএমএম প্রধান আরও বলেন, রাখাইনের বর্তমান পরিস্থিতি মিয়ানমারের অভ্যন্তরীণ ঘটনাপ্রবাহের সঙ্গেই সরাসরি সম্পর্কিত। এই দীর্ঘস্থায়ী বাস্তুচ্যুত অবস্থা সমাধানের জন্য আন্তর্জাতিক মহলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। ২০১৮ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রস্তাবের মাধ্যমে গঠিত এই সংস্থাটি মিয়ানমারে ঘটিত আন্তর্জাতিক অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহের কাজ চালিয়ে আসছে।

বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাসমূহের যৌথ উদ্যোগে রোহিঙ্গাদের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করাই এই বৈঠকের মূল লক্ষ্য ছিল বলে জানানো হয়।

আরো পড়ুন----নারী উদ্যোক্তাদের ঋণ ও সেবা সহজ করতে উদ্যোগ নিচ্ছে সরকার