সংবাদ শিরোনাম

সরকার গঠনের পর প্রথমবার শরিকদের মিলনমেলা, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শীর্ষ নেতারা

 প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন   |   জাতীয়

সরকার গঠনের পর প্রথমবার শরিকদের মিলনমেলা, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে শীর্ষ নেতারা

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে আজ সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সম্মানে নৈশভোজ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে জানান, ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে একসঙ্গে ভূমিকা রাখা শরিক রাজনৈতিক দলগুলোর নেতাদের সম্মান জানাতেই এ আয়োজন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আমন্ত্রিত নেতাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় করবেন এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করবেন।

তিনি জানান, অনুষ্ঠানে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রায় দেড় শতাধিক শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে তাদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।

নৈশভোজে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে। সরকার গঠনের পর এই প্রথমবারের মতো যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে একত্র হচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আয়োজন সরকার ও শরিক দলগুলোর মধ্যে সমন্বয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতা আরও সুসংহত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখতে পারে।


Advertisement
Advertisement
Advertisement