রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম ও সততার সাথে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন করতে হবে
নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ১৯ জুলাই ২০২৬
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিনের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে পরিণত করতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাও সময়ের দাবি।
রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালার প্রতিপাদ্য ছিল— ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান ভিত্তি। সরকারি কর্মকর্তাদের নিজেদের শাসক নয়, বরং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের মানসিকতা গড়ে তুলতে হবে। জনকল্যাণে বাস্তব অবদান না রাখলে কেবল আনুষ্ঠানিক কর্মশালা বা পরিকল্পনার কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সঠিক রাষ্ট্রীয় নীতি প্রণয়নের জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য। অতীতে রাজনৈতিক উদ্দেশ্যে বিভিন্ন জাতীয় পরিসংখ্যান বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে আরও শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর গুরুত্বারোপ করেন।
দেশের অর্থনৈতিক ভিত্তি আরও সুসংহত করতে কৃষি ও রেমিট্যান্স খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি ও ভোকেশনাল শিক্ষার সম্প্রসারণের ওপরও জোর দেন তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও সক্রিয় করার বিষয়েও সরকারের ভাবনা রয়েছে বলে জানান তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারের নীতিমালা বাস্তবায়নের দায়িত্ব প্রশাসনের। নির্বাচিত সরকারের ঘোষিত কর্মসূচি ও অঙ্গীকার বিধি-বিধান মেনে বাস্তবায়ন করাই সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব। নিয়মের বাইরে কোনো কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নেই বলেও তিনি সতর্ক করেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।
প্রশাসনকে আরও দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক করে গড়ে তুলতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশা প্রকাশ করা হয়।