দুপুরের আগেই ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
ডেক্স নিউজ:
দেশের দক্ষিণ ও
পূর্বাঞ্চলের আট জেলার জন্য ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, রোববার (১৯ জুলাই) দুপুরের
মধ্যে এসব এলাকায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে
পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ
দেওয়া হয়েছে।
রোববার ভোর ৫টা
থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত বিশেষ
আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাস
অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও
সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০
কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে
বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি
বিবেচনায় এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে চলাচলে প্রয়োজনীয়
সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে নৌযান চালকদের
আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুসরণ করে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।