পুলিশ প্রশাসনে উচ্চপর্যায়ে পদোন্নতি: ৭ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে উন্নীত
নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে আজ জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিদ আহমদ।
প্রথম প্রজ্ঞাপন অনুযায়ী, হাইওয়ে পুলিশ এবং পুলিশ সদর দপ্তরে কর্মরত দুই অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে জাতীয় বেতন স্কেল-২০১৫ এর সর্বোচ্চ গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— অতিরিক্ত আইজিপি (হাইওয়ে পুলিশ) মো. দেলোয়ার হোসেন মিঞা এবং অতিরিক্ত আইজিপি (পুলিশ অধিদপ্তর) এ কে এম আওলাদ হোসেন।
অপর প্রজ্ঞাপনে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে গ্রেড-২ মর্যাদায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে উন্নীত করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নিকট যোগদানপত্র দাখিল করতে হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।