চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীসহ নিখোঁজ ৩

 প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন   |   রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে ডুবে দুই শিক্ষার্থীসহ নিখোঁজ ৩

মোঃআশরাফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা ও মহানন্দা নদীতে পৃথক ঘটনায় দুই স্কুলশিক্ষার্থীসহ তিনজন নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ দুটি ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন সদর উপজেলার সুন্দরপুর রউফ হাজিপাড়া এলাকার জেম আলীর ছেলে রিফাত আলী (১৬) এবং ইসলামপুর চর তেরোরশিয়া এলাকার আলম হোসেনের ছেলে রাসেল (১৭)। তারা উভয়েই সোবহান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আলীমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নামেন রিফাত ও রাসেল। একপর্যায়ে তারা নদীর গভীর পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধার চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। তবে বিকেল পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।

অন্যদিকে, একই দিনে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন মো. সাকিরুল ইসলাম (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আরামবাগ-আজাইপুর এলাকার রুহুল আমিনের ছেলে। তার সন্ধানেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, পদ্মা নদীতে নিখোঁজ দুই শিক্ষার্থীর উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা একযোগে কাজ করছেন। মহানন্দা নদীতেও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।




Advertisement
Advertisement
Advertisement