হামের প্রকোপে নতুন করে ১,১৩৬ রোগী হাসপাতালে, একদিনে আরও ৪ জনের মৃত্যু

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন   |   জাতীয়

হামের প্রকোপে নতুন করে ১,১৩৬ রোগী হাসপাতালে, একদিনে আরও ৪ জনের মৃত্যু

ঢাকা, ৪ জুন: দেশে হাম রোগের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও চিকিৎসা গ্রহণের মাধ্যমে অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। তবে নতুন করে রোগী শনাক্ত ও মৃত্যুর ঘটনা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৩৬ জন সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ৬৯ জনের হাম রোগ নিশ্চিত হয়েছে।

অধিদপ্তর জানায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ জুন সকাল পর্যন্ত মোট ৬১ হাজার ১৯৪ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৫৭ হাজার ৪৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

মৃত্যুর পরিসংখ্যানেও নতুন সংখ্যা যুক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ১ জন এবং সন্দেহজনক হামে ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১৪ জনে, আর নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ৯১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর নাগরিকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement