ঈদযাত্রায় ১৩ দিনে সড়কে প্রাণ গেল ২৮১ জনের

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন   |   জাতীয়

ঈদযাত্রায় ১৩ দিনে সড়কে প্রাণ গেল ২৮১ জনের

প্রতিদিনের দেশ ডেস্ক :

ঈদুল আজহাকে কেন্দ্র করে গত ১৩ দিনে সারা দেশে ২৯২টি সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত এবং ৮৩৭ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রোড সেফটি ফাউন্ডেশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২১ মে থেকে ২ জুন পর্যন্ত সময়ে নিহতদের মধ্যে ৩৪ জন নারী ও ৪৮ জন শিশু রয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে মোটরসাইকেল দুর্ঘটনায়। ১৪১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১২৪ জন নিহত হয়েছেন, যা মোট প্রাণহানির ৪৪ শতাংশের বেশি।

এ ছাড়া ৩৭ জন পথচারী এবং ৩৩ জন চালক ও পরিবহনশ্রমিক নিহত হয়েছেন। একই সময়ে ১৩টি নৌপথ দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। ২২টি রেল দুর্ঘটনায় ১৭ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন।

সড়কের ধরন অনুযায়ী সবচেয়ে বেশি ১১২টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। জাতীয় মহাসড়কে ৯৭টি, গ্রামীণ সড়কে ৪২টি এবং শহরাঞ্চলের সড়কে ৩৭টি দুর্ঘটনা ঘটেছে।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১০১ জন নিহত হয়েছেন। এরপর রাজশাহী বিভাগে ৫০ জন এবং চট্টগ্রাম বিভাগে ৩৪ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম প্রাণহানি হয়েছে সিলেট বিভাগে।

রোড সেফটি ফাউন্ডেশন বলেছে, গত বছরের তুলনায় প্রাণহানি কিছুটা কমলেও সড়ক নিরাপত্তা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সড়ক ব্যবস্থাপনায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছে সংগঠনটি।

Advertisement
Advertisement
Advertisement