১৪ বছরেও শেষ হয়নি তদন্ত, সাগর-রুনি হত্যা মামলায় নতুন জটিলতার কথা রাষ্ট্রপক্ষের

 প্রকাশ: ০৪ জুন ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন   |   জাতীয়

১৪ বছরেও শেষ হয়নি তদন্ত, সাগর-রুনি হত্যা মামলায় নতুন জটিলতার কথা রাষ্ট্রপক্ষের

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে দীর্ঘদিনেও দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছে তাদের পরিবার। একই সঙ্গে মামলার তদন্তে সময়ের ব্যবধানজনিত বিভিন্ন বাস্তব প্রতিবন্ধকতার বিষয়টি তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।

বুধবার সুপ্রিম কোর্টে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাৎ করেন নিহত দম্পতির ছেলে মাহির সরওয়ার মেঘ, মামলার বাদী ও মেহেরুন রুনির ভাই নওশের রোমান এবং তাদের আইনজীবী শিশির মনির। সাক্ষাৎ শেষে পরিবারের পক্ষ থেকে তদন্ত কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

নওশের রোমান বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তদন্তের অগ্রগতি সম্পর্কে পরিবারকে স্পষ্ট কোনো তথ্য জানানো হচ্ছে না। ফলে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, যা স্বজনদের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, মামলাটির তদন্ত দ্রুত সম্পন্ন করে প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ১৪ বছর ধরে বিচার প্রত্যাশায় অপেক্ষা করলেও তদন্ত প্রক্রিয়ার দীর্ঘসূত্রতায় হতাশা বাড়ছে। আদালতে নিয়মিত অগ্রগতির তথ্য পাওয়ার সুযোগও আগের তুলনায় কমে গেছে বলে তারা উল্লেখ করেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, দীর্ঘ সময় আগে সংঘটিত একটি ঘটনার তদন্তে বিভিন্ন বাস্তব জটিলতা দেখা দিয়েছে। ঘটনার সময় দায়িত্ব পালনকারী অনেক ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ স্থাপন কঠিন হয়ে পড়েছে। এছাড়া প্রয়োজনীয় তথ্য-উপাত্ত, নথিপত্র ও আলামত সংগ্রহেও সময়জনিত কারণে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

তিনি জানান, পরিবারের উদ্বেগ ও প্রত্যাশার বিষয়টি সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার নজরে আনা হবে এবং তদন্ত কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে প্রয়োজনীয় তথ্য জানার উদ্যোগ নেওয়া হবে।

বাদীপক্ষের আইনজীবী শিশির মনির জানান, মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা, পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক একটি প্রতিবেদন প্রস্তুত করেছেন। উচ্চ আদালত পুনরায় কার্যক্রম শুরু করলে সেই প্রতিবেদন পর্যালোচনার জন্য আবেদন করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির মরদেহ উদ্ধার করা হয়। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত এখনও শেষ হয়নি। সর্বশেষ আদালত আগামী ১৮ জুন তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

পরিবারের প্রত্যাশা, মামলাটির সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে এবং দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

Advertisement
Advertisement
Advertisement