জ্যামের শহর ঢাকা: হাতিরঝিল মহানগর ব্রিজের পাশে তীব্র যানজট, অফিসগামীদের ভোগান্তি চরমে
ডেক্স রিপোর্ট:
রাজধানীর হাতিরঝিল মহানগর ব্রিজের পাশঘেঁষে সড়কে আজ সকাল থেকে শুরু হওয়া তীব্র যানজটে কার্যত স্থবির হয়ে পড়েছে পুরো এলাকা। অফিসগামী মানুষদের ঢল আর ঘনবসতিপূর্ণ যান চলাচলে ঘণ্টার পর ঘণ্টা থেমে আছে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজি ও রিকশা।
সকাল ৯টার দিকে দেখা যায়, বাড্ডা, রামপুরা ও ফার্মগেটগামী সড়কগুলোতে লাইন ধরে আটকে আছে শতাধিক যানবাহন। কর্মস্থলে পৌঁছাতে দেরি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন অফিসগামী সাধারণ মানুষ। কেউ হেঁটে এগোনোর চেষ্টা করছেন, কেউবা গরমে ক্লান্ত হয়ে সড়কেই অপেক্ষা করছেন যানচলাচল স্বাভাবিক হওয়ার আশায়।
স্থানীয় এক পথচারী জানান, প্রতিদিনই এই এলাকায় এমন জ্যাম লেগে থাকে। হাতিরঝিল সংযোগ সড়কগুলোর কাজ শেষ না হওয়ায় সকালে ও বিকেলে প্রায়ই এদুর্ভোগে পড়তে হয়।”
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বাড্ডা ও ফার্মগেটমুখী যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় সাময়িকভাবে যানচলাচলে ধীরগতি দেখা দিয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
নগর পরিকল্পনাবিদরা মনে করেন, ঢাকায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহনের উন্নয়ন এবং বিকল্প সড়ক ব্যবহারে জনসচেতনতা বাড়ানো না গেলে এমন যানজট ভবিষ্যতে আরও প্রকট আকার ধারণ করবে।
হাতিরঝিল ব্রিজের নিচে দীর্ঘ যানবাহনের সারি—মোটরসাইকেল, প্রাইভেটকার ও সিএনজিতে ভরপুর রাস্তাটি যেন থমকে থাকা শহরের প্রতিচ্ছবি।