ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে গিয়ে ভেনিজুয়েলায় মায়ের মৃত্যু

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

ভূমিকম্পে মেয়েকে বাঁচাতে গিয়ে ভেনিজুয়েলায় মায়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেক্স নিউজ:

ভেনিজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে নিজের কন্যাসন্তানের প্রাণ বাঁচাতে গিয়ে এক মায়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যম এবং ফুটবলার হেক্টর বেলো নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। হেক্টর বেলো তাঁর ইনস্টাগ্রাম পোস্টে জানান, আন্দ্রেয়া নামের তাঁর ওই স্ত্রী নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে তাদের ছোট্ট মেয়েটির জীবন রক্ষা করে গেছেন। 

রাজধানী কারাকাসের কাছে আঘাত হানা এই জোড়া ভূমিকম্পে এ পর্যন্ত অন্তত ৯২০ জন নিহত এবং ৩ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় ফুটবলার বেলো ঘটনাস্থলে ছিলেন না। পরবর্তীতে তিনি কারাকাসে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মেয়ে ও শ্যালিকার খোঁজ নেন এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত আছেন বলে জানান। স্থানীয় ফুটবল প্রচারণামূলক সংস্থা 'কুমানা দে ক্যাম্পিওনেস' এবং মার্কিন স্প্যানিশ ভাষার সংবাদমাধ্যম ইউনিভিশনও এই মৃত্যুর খবর প্রকাশ করেছে। তারা জানায়, পুরো পরিবার যে বহুতল ভবনে থাকত, সেটি ধসে পড়লেও মায়ের সাহসিকতায় শিশুটি বেঁচে ফেরে।

এদিকে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে ক্রীড়াঙ্গন ও বিনোদন জগতেরও বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ভেনিজুয়েলা ফুটবল ফেডারেশন (এফভিএফ) জানিয়েছে, কারাকাস ফুটবল ক্লাবের অনূর্ধ্ব-১৮ দলের খেলোয়াড় রাজান সিজা লা গুয়াইরায় নিজ বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে নিহত হয়েছেন। 

মারিতিমো দে লা গুয়াইরা ক্লাবের হয়ে খেলা উদীয়মান ফুটবলার ভিক্টর পালাসিওসও এই ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন। এ ছাড়া, সাবেক মিস ভেনিজুয়েলা গিসেল রেয়েস জানিয়েছেন, লা গুয়াইরায় বহুতল ভবন ধসে পড়ার পর তীব্র আতঙ্কে হার্ট অ্যাটাক করে তাঁর মা মারা গেছেন। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় উদ্ধারকাজের সাথে সাথে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

Advertisement
Advertisement
Advertisement