সাইবার নিরাপত্তা শঙ্কার মাঝেই অ্যানথ্রোপিকের নতুন এআই মডেল উন্মুক্ত

 প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন   |   আন্তর্জাতিক

সাইবার নিরাপত্তা শঙ্কার মাঝেই অ্যানথ্রোপিকের নতুন এআই মডেল উন্মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র সরকার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক-কে তাদের অত্যন্ত শক্তিশালী 'মিথোস' মডেলটি নির্দিষ্ট কিছু কোম্পানি ও সংস্থার জন্য সীমিত আকারে উন্মুক্ত করার অনুমতি দিয়েছে। 

চলতি মাসের শুরুর দিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে এই মডেলটির রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে সম্প্রতি লাইসেন্সের শর্তাবলীতে সংশোধন এনে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রপ্তানি নিষেধাজ্ঞা জারির পর থেকেই অ্যানথ্রোপিক মডেলটির ঝুঁকি কমাতে মার্কিন সরকারের সঙ্গে যৌথভাবে কাজ করছে বলে শুক্রবার এক চিঠিতে জানিয়েছেন দেশটির বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক। চিঠিতে তিনি উল্লেখ করেন, ঝুঁকি নিরসনে প্রভূত অগ্রগতি হওয়ায় তিনি নিশ্চিত হয়েছেন যে নির্দিষ্ট কিছু বিশ্বস্ত অংশীদারকে 'ক্লড মিথোস ৫' মডেলটি ব্যবহারের অনুমতি দেওয়ার মতো পর্যাপ্ত সুরক্ষামূলক ব্যবস্থা বর্তমানে বিদ্যমান রয়েছে। তবে এই চিঠিতে মিথোসের চেয়ে কিছুটা কম শক্তিশালী সংস্করণ 'ফ্যাবল' উন্মুক্ত করার কোনো অনুমতি দেওয়া হয়নি।

এক বিবৃতিতে অ্যানথ্রোপিক জানিয়েছে, তাদের সবচেয়ে শক্তিশালী সাইবার নিরাপত্তা মডেল 'মিথোস ৫' নির্দিষ্ট কিছু সাইবার ডিফেন্ডার ও অবকাঠামো প্রদানকারী প্রতিষ্ঠানের জন্য পুনরায় চালু করার অনুমতি তারা পেয়েছে। অনুমোদিত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত এই সেবা দেওয়ার পাশাপাশি 'ফ্যাবল ৫' মডেলটি সাধারণ ব্যবহারের জন্য ফিরিয়ে আনতে তারা সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।


চলতি মাসের শুরুতে মার্কিন সরকারের পক্ষ থেকে বিদেশি নাগরিকদের—এমনকি অ্যানথ্রোপিকের নিজস্ব বিদেশি কর্মীদের জন্যও—এই মডেলগুলোর ব্যবহার স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। এর ফলে কোম্পানিটি সাময়িকভাবে মিথোস ও ফ্যাবল উভয়েরই গ্রাহক অ্যাক্সেস বন্ধ করে দিয়েছিল। এই নিষেধাজ্ঞা এবং পরবর্তী আলোচনার বিষয়টি স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে যে, দ্রুত অগ্রসরমান এআই প্রযুক্তির সুরক্ষায় এখনো কোনো সুনির্দিষ্ট ও ধারাবাহিক নিয়ন্ত্রণ কাঠামো গড়ে ওঠেনি। হ্যাকার ও দুষ্কৃতকারীরা যেন এই শক্তিশালী এআই ব্যবহার করে সাইবার দুর্বলতা খুঁজে বের করতে না পারে, তা নিশ্চিত করতেই মূলত প্রশাসন এই কড়া পদক্ষেপ নিয়েছে।

সূত্র: সিএনএন

Advertisement
Advertisement
Advertisement