ভেনেজুয়েলায় জোড়া শক্তিশালী ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯২০, ধ্বংসস্তূপে এখনও চলছে উদ্ধার অভিযান
আন্তর্জাতিক ডেক্স নিউজ:
ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ জনে পৌঁছেছে। দেশটির এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে এটিকে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্প হিসেবে উল্লেখ করছেন সংশ্লিষ্টরা। দুর্যোগে বহু ভবন ধসে পড়েছে, ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে দিনরাত কাজ চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। তবে উদ্ধার তৎপরতা প্রত্যাশার তুলনায় ধীরগতিতে এগোনোয় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
শুক্রবার (২৬ জুন) দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানান, সরকারি হিসাবে এখন পর্যন্ত ৯২০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। তিনি সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্য পরিদর্শন করে বলেন, বিভিন্ন দেশ থেকে বিশেষায়িত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে এবং উদ্ধার কার্যক্রম জোরদার করা হয়েছে।
তবে কর্মকর্তাদের আশঙ্কা, ধসে পড়া ভবনের নিচে এখনও অনেক মানুষ আটকে থাকতে পারেন। এ কারণে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প দেশটিতে আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয় ভূমিকম্পটি ১৯০০ সালের পর ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই জোড়া ভূমিকম্পের তীব্রতাই ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের প্রধান কারণ।