দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু

দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা আবেদন ও ইস্যু কার্যক্রম পুনরায় শুরু হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)-এ আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এর ফলে প্রায় দুই বছর পর আবারও সাধারণ বাংলাদেশি পর্যটকদের জন্য ভারতের ভ্রমণের সুযোগ উন্মুক্ত হচ্ছে। এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত সরকার বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা প্রদান স্থগিত করেছিল। তবে এই সময় সীমিত পরিসরে মেডিকেল ও বিজনেস ভিসা কার্যক্রম চালু ছিল।

নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ জুন থেকে নিয়মিত পর্যটন ভিসা কার্যক্রম পুনরায় শুরু হবে, যা দুই দেশের জনগণের মধ্যে ভ্রমণ ও যোগাযোগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, সম্প্রতি দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের অংশ হিসেবে তিনি গত ১২ জুন ঢাকায় পৌঁছান।

বৃহস্পতিবার সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করার পর আইভ্যাক আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর এই বহুল প্রত্যাশিত ঘোষণা দেন হাইকমিশনার।

দীর্ঘদিনের অপেক্ষার পর এ সিদ্ধান্তে ভারত ভ্রমণপ্রত্যাশী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস ফিরে আসবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।

Advertisement
Advertisement
Advertisement